দেবহাটা প্রতিনিধি: শিশুশ্রম নয়, শিশুরা যাবে স্কুল, গড়বে সুন্দর আগামী বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে এ সমন্বয় ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন। এছাড়া বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নিলাদ্রী বিশ্বাস, ইউপি সদস্য মাহমুদ গাজী, সিএল মনিটরিং সভাপতি সালাহউদ্দিন, ভিডিএস সহ-সভাপতি নাসরিন আক্তার, শিশু ফোরাম সদস্য মোমিনুর রহমান, শাহিনুর রহমান, মহাসিন আলী, ইয়ুথ ফোরামের সহ-সভাপতি রুমি আক্তার, সিবিও সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শিশুশ্রম নির্মূল এবং প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করা, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে তাদের মুক্ত করা, স্কুল থেকে ধরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন এর ধারা অব্যহত রাখা । শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে সিএল মনিটরিং কমিটির ভিডিএসের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং স্কুলগামী ও সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্বে দেবহাটা এরিয়া প্রোগ্রামের বিগত কয়েক মাসের কার্যক্রম ও অর্জিত অগ্রগতি উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত সবাই স্থানীয় পর্যায়ে শিশুশ্রম সম্পূর্ণরূপে নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।