
নিজস্ব প্রতিবেদক:নড়াইল শহরতলীর সীমাখালী এলাকায় রাসেল সেতু দিয়ে গরু বহনকারী নাটাই (নছিমন) গাড়ি যাওয়ার সময় সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে মাথায় আঘাত লেগে মনির গাজী (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মনির গাজী লোহাগড়া উপজেলার কোলা গ্রামের রুকন গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির গাজী বাড়ি থেকে গরু নিয়ে নাটাই (নসিমনে) গাড়িতে করে যশোরের ভাংগুড়া গরুর হাটে যাচ্ছিলেন। পথে সীমাখালী এলাকায় রাসেল সেতুতে ওঠার সময় সেতুর উচ্চতানিয়ন্ত্রণের জন্য স্থাপন করা বারে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় পরিবারের সদস্যের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।