
নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে সামনে রেখে যশোরের বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের এক ব্যতিক্রমী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। পরে বর্ণাঢ্য মোটরসাইকেল বহরটি বেনাপোল চেকপোস্ট, নোম্যান্সল্যান্ড ও নাভারণ বাজার প্রদক্ষিণ করে বেনাপোল পৌর গেট এলাকায় এসে শেষ হয়। পুরো শোডাউনে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোডাউনে প্রায় ২০০ মোটরসাইকেল আরোহিসহ একজন করে ভক্ত ছিলো।
বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ এবং অ্যাডমিন সৈয়দ আতিকুজ্জামান রিমু বলেন, বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে শার্শা উপজেলার আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থকদের একত্রিত করতেই এই আয়োজন। তারা জানান, প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে শান্তিপূর্ণ এই শোডাউনের মাধ্যমে দলের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়েছে। ফাইনাল ম্যাচ সবাই একসঙ্গে উপভোগ করবেন বলেও জানান তারা।
বেনাপোল ক্রীড়া সংস্থার সেক্রেটারি রায়হানুজ্জামান দীপু বলেন, “আমরা ম্যারাডোনার সময় থেকে আর্জেন্টিনার সমর্থক। দীর্ঘদিন ধরেই দলটির খেলা দেখে আসছি। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর দলটির প্রতি আমাদের ভালোবাসা আরও বেড়েছে। এবারও আমরা আশা করছি, ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের শিরোপা জিতবে।
মেসি ভক্ত ফারুক বলেন, “এত বড় আয়োজনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, আর্জেন্টিনা দুর্দান্ত খেলবে এবং আবারও বিশ্বকাপের শিরোপা জিতবে।” শোডাউন চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ মোটরসাইকেল বহরটি উপভোগ করেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, জমকালো এই শোডাউনটিতে বেনাপোল পৌরসভা ও শার্শার বিভিন্ন এলাকার শত শত আর্জেন্টিনা ভক্ত এবং তরুণ সমর্থকেরা অংশ নেন।