
মনিরামপুর প্রতিনিধি: মানবসেবাকে ব্রত হিসেবে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে যশোরের মনিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘শাহপুর যুব সমাজ’। মানবিক ও সামাজিক নানা উদ্যোগের মাধ্যমে সংগঠনটি আবারও প্রমাণ করেছে যে, মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে তারা এক ধাপ এগিয়ে।
শনিবার সংগঠনটির উদ্যোগে শাহপুর গ্রামের এক অসহায় বিধবা নারীর কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় ৩৪ হাজার টাকা ব্যয়ে একটি নতুন দোকান নির্মাণ করে দেওয়া হয়। একই সঙ্গে রামপুর গ্রামের এক অসুস্থ শিশুর চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামপুর-শাহপুর হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব, শাহপুর যুব সমাজের স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই বছরেরও বেশি সময় ধরে শাহপুর যুব সমাজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কয়েক লক্ষ টাকা ব্যয় করেছে। সংগঠনটির মানবিক কার্যক্রম ইতোমধ্যে এলাকাবাসীর ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
সম্প্রতি শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে একটি কর্মশালার আয়োজন করে সংগঠনটি। সেখানে এলাকার শিক্ষা উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
এলাকাবাসী জানান, কোনো ব্যক্তি বিপদে পড়লে দল-মত নির্বিশেষে শাহপুর যুব সমাজের সদস্যরা দ্রুত তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সংগঠনটির নিয়মিত ডোনারদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানবিক ব্যক্তি নিয়মিত অনুদান প্রদান করেন। স্বচ্ছ হিসাব-নিকাশ ও জবাবদিহিতার কারণে সংগঠনটির প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে।
স্থানীয়দের মতে, বর্তমান সময়ে এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ সত্যিই বিরল। তারা আশা প্রকাশ করেন, শাহপুর যুব সমাজ ভবিষ্যতেও একই নিষ্ঠা ও সততার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যাবে। মানবতার সেবায় নিবেদিত শাহপুর যুব সমাজের সকল স্বেচ্ছাসেবক, দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি Monirampur 24-এর পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা। মানবিকতার এই ধারা অব্যাহত থাকুক—এটাই সবার প্রত্যাশা।